
কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নড়াইলের কালিয়া উপজেলায় আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী।
সভায় নববর্ষ উদযাপনকে আনন্দঘন, বর্ণাঢ্য ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ ঐতিহ্যবাহী লোকজ মেলার আয়োজন করা হবে।
এছাড়াও, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী মোঃ আল-আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সুধীজন। এসময় কালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম চৌধুরীও উপস্থিত ছিলেন।