
মোঃ আনিসুর রহমান শেলী :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষণ না করায় সংশ্লিষ্ট মালিককে জরিমানা করা হয়।
জানা গেছে, জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ জানান, জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।