মোঃ আনিসুর রহমান শেলী :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা পোস্ট অফিস পাড়া এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে শাহাদাত (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয়রা সরিষা ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।
নিহত শাহাদাত স্থানীয় হোসেন আলীর ছেলে। তিনি স্থানীয় পোলার আইসক্রিম ডিলার কারখানায় কর্মরত ছিলেন।
কারখানার ডিলার রহিম জানান, শাহাদাত তার প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতি মাসে দুই কিস্তিতে তার বেতন পরিশোধ করা হতো। শুক্রবার সকাল ৯টার দিকে তিনি কর্মস্থলে এসে বেলা ১১টার দিকে চলে যান।পরের দিন তার মৃত্যুর খবর পান। তিনি এ ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতারের দাবি জানান।
নিহতের মা বলেন, আমার ছেলের কোনো শত্রু ছিল না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, পরিবারের পক্ষ থেকে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।