বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় ১০ কোটি ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানেজারসহ ৩ জন আটক করেছেন পুলিশ ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে অগ্রণী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,ইউএনও এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রাত ১২ টা পর্যন্ত কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় অবস্থান করেন। পরবর্তীতে১০কোটি ১৩ লক্ষ টাকা আর্থিক অনিয়মের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার মৃত জান বক্সের ছেলে ও অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, সুজানগর দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও ব্যাংকের ব্যবস্থাপক হারুন বিন সালাম এবং বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের মৃত শুশীল চক্রবতীর্র ছেলে ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবতী।
অগ্রণী ব্যাংক ও সাঁথিয়া থানা পুলিশ সূত্রে জানা যায় অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস হতে ০৫ সদস্য বিশিষ্ট অডিট টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ব্যাংক শাখায় স্পেশাল অডিট করে ১০ কোটি ১৩ লক্ষ ৬৫ হাজার টাকার গরমিল পায়। পরবর্তীতে উক্ত অডিট টিম সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে, সাঁথিয়া থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ব্যাংকের তিন কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) আদালতে প্রেরণ করা হবে। অর্থ আত্মসাৎ ও এ বিষয়ে দুদক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।