1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কিশোরগঞ্জ-২ আসনের এমপি জালাল উদ্দিনের হুঁশিয়ারি: ‘দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়’

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

 

সৈয়দ মহসিন । কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

 

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, জনগণ তাকে এমপি নির্বাচিত করেছে জনগণের সেবা করার জন্য—কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয়। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অপকর্মে জড়াবেন না। কেউ এর দায় নেবে না, এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এ ধরনের কর্মকাণ্ডের দায় নেবেন না।

 

শনিবার রাতে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কটিয়াদী উপজেলা শাখা।

কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি জালাল উদ্দিন বলেন, দলের ঐক্যে কেউ ফাটল ধরানোর চেষ্টা করলে তার দায় তাকেই নিতে হবে। কোনো ধরনের ‘সিন্ডিকেট’ তিনি বরদাশত করবেন না বলেও হুঁশিয়ারি দেন।

 

তিনি বলেন, “কথা থাকলে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। পেছনে কোনো গ্রুপিং বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, অতীতে একটি পক্ষ দলের নামে চাঁদাবাজির অপপ্রচার চালালেও কোনো শীর্ষ নেতার সংশ্লিষ্টতার প্রমাণ দিতে পারেনি। এতে দল অপপ্রচারের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে দলের সুনাম ক্ষুণ্ন হয়।”

 

অপকর্মে জড়িতদের উদ্দেশে এমপি জালাল উদ্দিন বলেন, “আপনারা বিকল্প ব্যবসার কথা ভাবুন। আমি কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো। তবে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

 

তিনি দাবি করেন, নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যের ফলেই তিনি নির্বাচিত হয়েছেন। এ ঐক্য নষ্টের চেষ্টা হলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট