মোছাঃ ববিতা আক্তার
গাজীপুরের টঙ্গীতে পরীক্ষা খারাপ হওয়ায় জেসমিন আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে স্থানীয় তিলারগাতী সাতাইশ এলাকার গণি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে।
জেসমিন আক্তার (১৮) তিলারগাতী হাজী এমএ গণি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। গত বছর গণিত বিষয়ে ফেল করায় এবার সে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্র থেকে রোববার গণিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
মৃত জেসমিন কুমিল্লা জেলার মুরাদনগর থানার রঘুরামপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে। সে তিলারগাতী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে লেখাপড়া করত।
বাসার ভাড়াটিয়ারা জানান, জেসমিন গতবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গণিত বিষয়ে অকৃতকার্য হয়। পরে রোববার গণিত পরীক্ষা দিয়ে বাসায় এসে মন খারাপ করে বসে থাকে জেসমিন। তার পরিবারের লোকজন মন খারাপের বিষয়ে জানতে চাইলে সে কোনো উত্তর দেয়নি। পরে মঙ্গলবার সকালে তার ভাবি তাকে বাসায় রেখে টঙ্গী বাজারে যান। সেখান থেকে এসে তিনি কক্ষের দরজা বন্ধ দেখে জেসমিনকে ডাকাডাকি করে কোনো সাড়া না ডাকচিৎকার শুরু করেন। পরে আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে এসে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।