
মো. হাইউল উদ্দিন খান গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরের বাসন থানার দিগিরচালা এলাকায় চাঁদাবাজির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পরপরই অভিযানে নেমে ১ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন।
গ্রেফতার মাহবুল (৩৬) ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বালিয়া চড়া গ্রামের আদেল মিয়ার ছেলে।বর্তমান বাসন থানার
দিঘিরচালা কসমেটিক্স গলি এলাকায় বসবাস করেন।
জিএমপি সূত্র জানায়, গত ২ মার্চ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে দিগিরচালা এলাকায় চাঁদাবাজির একটি ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার শিকার সোহাগী (৩০) বাদী হয়ে বাসন থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে বাসন থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ২ মার্চ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে মামলার ১জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
জিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতেও দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।