মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা ও ভবিষ্যৎ উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা নির্ধারণের লক্ষ্যে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সঙ্গে নিয়ে বিশেষ মতবিনিময় সভা করেছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ফিউচার অব স্পোর্টস ইন গাজীপুর উইথ তামিম অ্যান্ড রনি’ শীর্ষক এ আয়োজনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, সংগঠক ও শত শত তরুণ খেলোয়াড় অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক তামিম ইকবাল।
মতবিনিময় সভায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়রা গাজীপুরের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার বর্তমান দুরাবস্থা তুলে ধরেন। মাঠের সংকট, নিয়মিত লিগের অভাব, তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় উঠে আসার প্রতিবন্ধকতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। একই সঙ্গে খেলাধুলার উন্নয়নে করণীয় ও সম্ভাব্য সমাধান নিয়েও নানা পরামর্শ উঠে আসে।
খেলোয়াড়দের প্রশ্নের জবাবে এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় থাকলেও সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে তারা জাতীয় পর্যায়ে পৌঁছাতে পারছে না। নির্বাচিত হলে প্রতিটি স্কুলে ক্রীড়া ক্লাব গঠন, নিয়মিত লিগ আয়োজন, পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নে কাজ করবো। পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সঙ্গে পুনরায় আলোচনা করে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কথাও জানান।
তামিম ইকবাল তার বক্তব্যে রনির ক্রীড়ানুরাগের প্রশংসা করে বলেন, ২০১৩ সাল থেকে রনির সঙ্গে তার পরিচয় এবং তিনি একজন খাঁটি ক্রীড়াপ্রেমী মানুষ। অতীতে ঢাকায় কলাবাগান ক্রিকেট ক্লাব সফলভাবে পরিচালনার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। গাজীপুরের ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থাকে উদ্বেগজনক উল্লেখ করে তামিম বলেন, তরুণদের আগ্রহ ও সম্ভাবনা কাজে লাগাতে সঠিক উদ্যোগ জরুরি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে গাজীপুরের খেলাধুলা নতুন গতি পাবে এবং এখানকার তরুণরা জাতীয় পর্যায়ে আরও এগিয়ে যাবে।
আয়োজনটি ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় এবং অংশগ্রহণকারীরা গাজীপুরে ক্রীড়ার নতুন সম্ভাবনা তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন।