চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে ঝাঁকড়া গ্রামের মৃত ইয়াসিন প্রামানিকের ছেলে ফজলু প্রামানিকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে সহযোগিতা পৌঁছে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ, শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন সংসদ সদস্য মোঃ আলী আজগর এবং চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
সহায়তা প্রদান শেষে পরিবারের সার্বিক কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার প্রাথমিকভাবে নগদ অর্থ, শুকনো খাবার ও শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে। এছাড়া মঙ্গলবার ঘর পুনর্নির্মাণের জন্য টিন সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, আকস্মিক এই অগ্নিকাণ্ডে পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়ে। এ অবস্থায় নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের দ্রুত সহায়তা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হরিপুর ইউনিয়নের ঝাঁকড়া গ্রামের বাসিন্দারা।