
চাটমোহর ( পাবনা) সংবাদদাতাঃ
পাবনার চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে স্থাপিত চেকপোস্টে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাবনা জেলা ট্রাফিক বিভাগ, চাটমোহর থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে চলাচলরত যানবাহনের বৈধ কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদসহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই করা হয়।
এ সময় মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা, কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতা ও ত্রুটিপূর্ণ কাগজপত্রের পাশাপাশি বড় যানবাহনের ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। যাচাইকালে আইন অমান্য ও বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ট্রাফিক বিভাগ মোট ১২টি মামলা দায়ের করে।
মামলার মাধ্যমে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে প্রায় ৮৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।