নিজস্ব প্রতিবেদক :
জন্মদিন মানেই সাধারণত আনন্দ-উৎসব, শুভেচ্ছা আর উদযাপন। তবে সেই প্রচলিত ধারা থেকে একটু ভিন্নভাবে নিজের জন্মদিনকে অর্থবহ ও মানবিক করে তুললেন দৈনিক গনতদন্ত পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশনের দপ্তর সম্পাদক জনাব এম এইচ মুন্না। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিজের জন্মদিন উপলক্ষে তিনি দুস্থ ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেন।
মানবিক এই আয়োজনে আজ ১০ই মার্চ মঙ্গলবার ঢাকার মতিঝিল এলাকার বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে প্রায় ১০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রোজাদার মানুষদের হাতে ইফতার তুলে দেওয়ার সময় তাদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার হাসি, যা পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে।
আয়োজক এম এইচ মুন্না বলেন, তিনি সব সময় একটু ব্যতিক্রমী কিছু করতে ভালোবাসেন। তাই নিজের জন্মদিনকে শুধু আনুষ্ঠানিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানোর একটি সুযোগ হিসেবে গ্রহণ করেছেন।
তিনি বলেন, আমি সব সময় চেষ্টা করি ব্যতিক্রমী কিছু করতে। পবিত্র মাহে রমজানের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। তাই আজকের দিনে সবার সঙ্গে ইফতার ভাগাভাগি করতে পেরে সত্যিই ভালো লাগছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে এবং ভিন্ন আঙ্গিকে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। সমাজের সামর্থ্যবান মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ইফতার সামগ্রী বিতরণ শেষে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে একসঙ্গে ইফতার সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত সবাই একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
শেষে এম এইচ মুন্না সকলের উদ্দেশ্যে বলেন, সমাজকে সুন্দর ও মানবিক করতে হলে সবাইকে মানবিক হতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য করে হলেও মানুষের পাশে দাঁড়ায়, তাহলে দেশ ও জাতির জন্য একটি সুন্দর ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
মো: তোফায়েল আহমেদ
নিজস্ব প্রতিবেদক
১০/৩/২০২৬