রেজুয়ান খান রিকন:
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কাজী মশিউর রহমান বলেছেন, বিএনপি শুধু আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়। আর আওয়ামী লীগ চায়, বিএনপি যেন রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দুটি দলই দেশের মানুষের কথা ভাবছে না। জাতীয় পার্টি ছাড়া কোনো দল দেশের মানুষের কষ্ট বোঝে না।
শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংগায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মশিউর রহমান এসব কথা বলেন।
কাজী মশিউর রহমান বলেন, দেশের মানুষ মারাত্মক কষ্টে আছে। স্বল্প আয় দিয়ে সংসার চালাতে পারছে না সাধারণ মানুষ। দেশের খেটে খাওয়া মানুষ বুঝতে পারছে, কষ্ট কত অসহ্য।
তিনি আরও বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব আমাদের দেশেও পড়েছে। মানুষের কষ্ট দেখে সরকারের কোনো উদ্যোগ আছে বলে মনে হচ্ছে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশ্বের সব দেশেই জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বেড়েছে। তাই আমাদের দেশেও বেড়েছে। সব দেশই মানুষের কষ্ট দূর করতে নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে, কিন্তু আমাদের দেশে তো কাউকে সহায়তা দেওয়া হচ্ছে না।
রাখালবুরুজ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ওহেদ মন্ডল চাঁদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, যুগ্ম আহবায়ক আব্দুল গনি সরকার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও সাবেক দরবস্ত ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক ও কামারদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা উপস্থাপনা করেন, রাখালবুরুজ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসেন আলী আকন্দ ও সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।