লালমনিরহাট প্রতিনিধি:
মোঃ রব্বানী ইসলাম
জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এছাড়া পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
সভায় মন্ত্রী বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং কৃষকদের সার, বীজ ও অন্যান্য প্রণোদনা প্রদানে কোনো ধরনের ভোগান্তি যেন না হয় তা নিশ্চিত করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন এবং মহাসড়ক চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ, সীমান্তে মাদক পাচার, চাঁদাবাজি ও দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সড়কগুলোকে আরও দৃষ্টিনন্দন ও নিরাপদ করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
পরে উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান সমস্যা, চ্যালেঞ্জ ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মতামত তুলে ধরেন।
লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম
তারিখ; ২২-০২-২০২৬_