মোঃ আনিসুর রহমান শেলী ,
কালিহাতী উপজেলার সর্বস্তরের মানুষের প্রিয় মুখ ও মানবতার ফেরিওয়ালা অধ্যাপক ডা. মোঃ শাহ আলম তালুকদার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল–৪ (কালিহাতী) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) কালিহাতী নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তার অনুসারীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর আজীবন সদস্য, ঢাকা মেডিকেল কলেজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে চিকিৎসা ও মানবসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. মোঃ শাহ আলম তালুকদার বলেন, কালিহাতী উপজেলার মানুষের ভালোবাসা ও সমর্থনই তার রাজনৈতিক পথচলার মূল শক্তি। তিনি এ সময় কালিহাতী উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক দোয়া, সহযোগিতা ও সর্বাত্মক সমর্থন কামনা করেন।
তিনি আরও বলেন, সুযোগ পেলে জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও মানবিকতার সঙ্গে কাজ করে একটি উন্নত, বৈষম্যহীন ও কল্যাণমূলক কালিহাতী গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।