
চট্টগ্রাম প্রতিনিধি : রাকিবুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রামে তরুণদের লেখালেখির চর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশে অনুষ্ঠিত হলো “তরুণ লেখক সম্মেলন – ২০২৫ ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন”। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় নাসিরাবাদ হাউজিং সোসাইটির এসডিজি ইয়ুথ ফোরাম হলে বসে এ আয়োজন। এতে দেশের প্রায় ২৫টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তরুণ লেখক, গবেষক ও সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচকের আসনে ছিলেন সাপ্তাহিক স্লোগান পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ সুব্রত বিকাশ বড়ুয়া, প্রভাষক মো. ইফতখারুল ইসলাম, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, সাংবাদিক আজহার মাহমুদ ও প্রভাষক নেজাম উদ্দিন।
অতিথিরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঋতু দে, নাজমুস সায়েম ও মোহাম্মদ রাকিব, আর সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রায়হান উদ্দিন ছিদ্দীকি।
প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী তরুণদের উদ্দেশ্যে বলেন—
“লিখতে চাইলে আগে জানতে হবে, পড়তে হবে। আমি দেখছি আপনাদের মধ্যে সেই আগ্রহ রয়েছে। এমন আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
প্রধান আলোচক ইফতেখার মারুফ বলেন—
“জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকরা বেশ ভালো লিখছেন। নিয়মিত এই চর্চায় থাকার মাধ্যমে আপনারা সাহিত্য ও সাংবাদিকতার ভুবনে আরও সমৃদ্ধ হবেন।”
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত লেখা প্রদর্শনী করা হয়। এছাড়া বর্ষসেরা সদস্য, সংগঠক ও লেখকদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।