মোঃ তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে ধানের শীষ মার্কার পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় আয়োজিত এ বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।
বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ম্যাজিকে দেশজুড়ে আজ ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারেক রহমানের সফরের পর দেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে গেছে। তারেক রহমান যেদিকে যাচ্ছে, মহান আল্লাহর রহমতর দেশের মানুষ সেদিকে ছুটছে।
তিনি আরো বলেন, ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, উন্নয়ন ও সম্মানের সঙ্গে বিশ্বমণ্ডলে মাথা উঁচু করে দাঁড়াবে।
তিনি আরও বলেন, শিবগঞ্জের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিতে প্রস্তুত এবং এই জনসমুদ্র তারই সুস্পষ্ট প্রমাণ।
জনসভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জজকোর্টের পিপি এড. আব্দুল বাছেদ, প্রবীণ বিএনপি নেতা, কিচক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম ফকিরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।