
মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলেই বাংলাদেশ চিরতরে মুক্ত হবে ফ্যাসিবাদী দমন-পীড়নের অন্যতম অস্ত্র ইন্টারনেট শাটডাউন থেকে, এমনই কড়া বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেন, এই গণভোট কেবল একটি ভোট নয়, এটি ক্ষমতা কুক্ষিগত করে রাখা স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের সরাসরি রায়।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে গাজীপুরের শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে গণভোট-২০২৬ উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব এসব কথা বলেন।
তিনি বলেন,বছরের পর বছর ধরে প্রধানমন্ত্রী একাই সংসদ ও নির্বাহী বিভাগের সর্বময় ক্ষমতা ভোগ করেছে। ফলে সংসদে ‘না’ বলার সাহস হারিয়েছে এমপিরা, বিচার বিভাগ হয়েছে দুর্বল, আর জনগণের কণ্ঠ রোধ করতে বারবার বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকার ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালিয়েছে, হত্যাযজ্ঞ ঢাকতে তথ্যপ্রবাহ বন্ধ করেছে, মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে আর কোনো সরকার এভাবে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জনগণকে দমিয়ে রাখতে পারবে না।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাই দেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো দলীয় প্রভাবমুক্ত নির্বাচন, স্বাধীন নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করা।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘হ্যাঁ’ ভোট মানেই আধিপত্যবাদ ও বিদেশি তোষামোদ রাজনীতির অবসান।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, আসন্ন গণভোট ও নির্বাচনকে সামনে রেখে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ এবং সিসিটিভি ক্যামেরার আওতায় সব কেন্দ্র আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারের নির্বাচন হবে ক্ষমতাধরদের নয়,জনগণের নির্বাচন।