
পুলক কুমার ঘোষ
স্টাফ রিপোর্টার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে নড়াইলের কালিয়া উপজেলায় তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে কালিয়া উপজেলা চত্বরের সামনে এ কর্মসূচি পালন করেন উপজেলার সর্বস্তরের বেসরকারি শিক্ষক-কর্মচারীবৃন্দ।
তাদের তিন দফা দাবি হলো—
১। মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাতা,
২। চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা,
৩। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।
বক্তারা বলেন, “আমরা সরকারি শিক্ষকদের মতো একই কাজ করলেও তুলনামূলকভাবে আমাদের বেতন-ভাতা অত্যন্ত নগণ্য। এটি শিক্ষাখাতে মারাত্মক বৈষম্যের সৃষ্টি করেছে।”
মানববন্ধনে বক্তারা আরও জানান, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। এছাড়া চলমান আন্দোলনের সময় শিক্ষক নেতাদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আনিসুর রহমান, কালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. দবীর উদ্দীন, চাচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম, টোনা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. এস. এম. ইকবাল সাঈদী, কালিয়া পি. এস. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ শাহিদুল ইসলাম, খড়রিয়া কালিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবাশ্বের ভূইয়া, বড়দিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা চৌধুরী প্রমুখ।