
হেলাল উদ্দিন বাবু
নকলা (শেরপুর) প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলম বিরতিসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে শেরপুরের নকলা প্রেসক্লাবসহ উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ। একই সঙ্গে সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ দেশের সব সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রবিবার সন্ধ্যায় নকলা প্রেসক্লাবের উদ্যোগে ভার্চুয়াল এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. মোশারফ হোসাইন এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক সেলিম রেজা।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শফিউল আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, কল্যাণ তহবিল সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সহযোগী সদস্য হাসান মিয়া ও গোলাম আহমেদ লিমন প্রমুখ।
ভার্চুয়াল সভায় নকলা প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী সংক্ষিপ্ত বক্তব্য দেন।
আলোচনায় সর্বসম্মতিক্রমে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলম বিরতি পালনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার না হলে লাগাতার কলম বিরতি, মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সভা শেষে সিদ্ধান্ত মোতাবেক সবাই নিজ নিজ ফেসবুক টাইমলাইনে প্রতিবাদী কলম বিরতি কর্মসূচির পোস্টার শেয়ার করেন এবং সাংবাদিক নির্যাতন ও হত্যার বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিবাদ জানান।