হোসাইন মাহমুদ স্টাফ রির্পোটার
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির’ প্রতিবাদ জানিয়ে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন মাদারীপুর জেলা বিএনপির নেতা–কর্মীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের রেন্ডিতলা এলাকা থেকে বের হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এ সময় তিনি বলেন, ‘আজ বাংলাদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগামী। দেশের গরিব–দুঃখী মানুষ ভালো নেই। তাঁরা কোনো রকমে কষ্টে খেয়ে না–খেয়ে দিন কাটাচ্ছেন। এই সরকার অর্থনীতিকে ধ্বংস করে একটি চোরের জন্ম দিয়েছে। এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আন্দোলন চলবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে আনিসুর রহমান বলেন এই ভোট বাতিল করতে হবে। বাংলাদেশের মাটিতে ভোটবিহীন এমপি-মন্ত্রীরা ঘুরে বেড়াবে, আর কোটি কোটি টাকা খরচ করে শেখ হাসিনা বারবার প্রধানমন্ত্রী হবেন। যা এ দেশের মানুষ মানবে না। রাজপথে রক্ত দিয়ে হলেও এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। এটাই আমাদের অঙ্গীকার। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দীদের মুক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সংসদ বাতিলসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন নেতা–কর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক এ্যাড: জামিনুর হোসেন মিঠু ও মিজানুর রহমান, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিঃ সহ-সভাপতি তাফসির আহমেদ ফিরোজ শাই, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ, জেলা মহিলা দলের সভাপতি লাইজু ও সাধারন সম্পাদক মুনমুন আক্তার জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির ও সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মোল্লা প্রমুখ। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন ও কালো পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন কয়েক শ নেতা–কর্মী।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, বিএনপির কর্মসূচি চলাকালীন কোনো বাধার সৃষ্টি হয়নি। তারা শান্তিপূর্ণভাবে একটি মিছিল করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বক্ষণিক নজর রাখে।