মোঃ আনিসুর রহমান শেলী: টাঙ্গাইলের ধনবাড়িতে প্রায় দেড়শ বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্য বহন করে আসছে ঐতিহাসিক বৈশাখী মেলা। ১৮৭১ সাল থেকে শুরু হওয়া এই মেলাটি প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে ধনবাড়ি নওয়াব ইনস্টিটিউট মাঠে আয়োজন করা হয়।
একসময় বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত বিভিন্ন উপজেলার মানুষ এ মেলায় অংশগ্রহণ করলেও বর্তমানে প্রশাসনিক বিভাজনের ফলে সৃষ্টি হওয়া বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও বিপুল সংখ্যক মানুষ এ মেলায় যোগ দিতে আসেন। ফলে এটি এখন একটি সর্বজনীন ও বৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছে।
ইতিহাস ঘেঁটে জানা যায়, ধনবাড়ির নওয়াব বাহাদুর সৈয়দ হাসান আলী চৌধুরীর শাসনামল থেকেই এ মেলার প্রচলন শুরু হয়। তার উত্তরসূরিদের ধারাবাহিকতায় বর্তমানে সৈয়দ আফিফ আহমদের তত্ত্বাবধানে মেলাটি পরিচালিত হচ্ছে।
সৈয়দ আফিফ আহমদ বলেন, “এই মেলাটি আমাদের ঐতিহ্যের অংশ। আমরা চেষ্টা করছি এটিকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করে তুলতে।”
এবারের মেলার উদ্বোধন করেন ধনবাড়ি উপজেলার নির্বাহী অফিসার জনাবা ।নূরজাহান আক্তার সাথী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন স্থানীয় সংস্কৃতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
তিনি মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন। ইতোমধ্যে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিন দিনব্যাপী এই বৈশাখী মেলায় রয়েছে বিভিন্ন গ্রামীণ পণ্যের দোকান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাগরদোলা ও শিশুদের বিনোদনের নানা আয়োজন—যা সকল বয়সী মানুষের জন্য হয়ে উঠেছে আনন্দের এক অনন্য উৎসব।