
স্টাফ রিপোর্টার:
নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল-খুলনা আঞ্চলিক সড়কের মুচিদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু বিশ্বাস নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে এবং গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধু সাকিবের সঙ্গে মোটরসাইকেলে চড়ে নড়াইল থেকে সিকিরহাটের দিকে যাচ্ছিল অপু। এসময় বিপরীত দিক থেকে আসা খুলনার ফুলতলা এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ণ বিশ্বাস (২৮) যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিলেন। পথিমধ্যে সোনাডাঙ্গা মোড়ে বেপরোয়া গতিতে চালানো অপুর মোটরসাইকেল একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পেছন থেকে আসা নারায়ণের মোটরসাইকেলও একই ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অপু বিশ্বাস।
দুর্ঘটনায় আহত হয়েছেন সাকিব (২০), নারায়ণ বিশ্বাস (২৮), সুকদেব (৫০)সহ ছয়জন। তাদের মধ্যে গুরুতর আহত সাকিব, নারায়ণ ও সুকদেবকে খুলনা ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভ্যানচালক ও তার দুই যাত্রীকে স্বজনরা খুলনা মেডিকেলে ভর্তি করেছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, “দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”