
মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- প্রকল্পের সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না। নকশা অনুযায়ী সড়কের প্রস্থ ১০ ফুট এবং কার্পেটিংয়ের পুরুত্ব এক ইঞ্চি হওয়ার কথা থাকলেও সরেজমিনে গিয়ে দেখা গেছে অনেক স্থানে পুরুত্ব নামমাত্র দেয়া হয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে প্রায় সাড়ে চার কোটি টাকার সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কাগজে-কলমে উন্নয়নের চিত্র উজ্জ্বল হলেও বাস্তব চিত্র দেখা গেছে ভিন্ন।
মাঠপর্যায়ে মাপজোকের সময় প্রাথমিক স্টিমেটের সাথে বাস্তব পরিমাপের অমিল পাওয়া গেছে। এতে প্রকল্পের মান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের ভাষ্য ছয় কিলোমিটারের বেশি দীর্ঘ এ গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন। নির্মাণকাজের শুরুতেই অনিয়মের অভিযোগ ওঠায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, তদারকি কর্মকর্তাদের সক্রিয় নজরদারির অভাব এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার কারণে সরকারের বিপুল অঙ্কের অর্থ অপচয়ের ঝুঁকি তৈরি হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহিন বলেন, ‘স্টিমেট অনুযায়ী কাজ করা হচ্ছে। তবে কিছু স্থানে কার্পেটিংয়ের পুরুত্বে গড়মিল হয়েছে।’এলজিইডির উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। এ অবস্থায় দ্রুত প্রকল্পের কাজ তদারকি করে সিডিউল অনুযায়ী টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।