মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর আলীপুরে ষ্টার বরফ মিলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আতংকের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শ্বাসকষ্ট হওয়ায় মো.আফজাল (৩৫) নামে এক শ্রমিককে অসুস্থ অবস্থায় কুয়াকাটার তুলাতলী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটার পর ব্যাপক গন্ধ ছড়িয়ে পড়ায় আলীপুর এবং মহিপুর এলাকার মানুষ আতংকিত হয়ে পড়ে।
তবে গ্যাসের তীব্র গন্ধে কারো কারো নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এ সময় নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে শতশত মানুষ দৌড়ঝাপ করে।
এলাকার একাধিক মানুষ নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন' মিল মালিকদের অসাবধানতার কারনে এমন ঘটনা এর আগেও ঘটেছে। বিশেষ করে সিলিন্ডার গুলো বেশী পুরনো হলে এমন ঘটনা ঘটার আশংকা থাকে বলে তারা উল্লেখ করেন।
এ ব্যাপারে শামীম মিয়া নামে মহিপুরের এক বাসিন্দা জানান, ঘটনাটি আলীপুরে হলেও গন্ধ ছড়িয়ে পড়েছে প্রায় এক কিলোমিটার জুড়ে। তার নিজেরও শ্বাস প্রশ্বাস জনিত সমস্য হয়েছিল।
একই এলাকার মো.মনির উদ্দিন জানান, এঘটনায় এখনো হয়তো তেমন কিছু হয়নি,ভবিষ্যতে বড় ধরনের কিছু যে হবে না,তা বলা যায় না। তিনি বরফ কল মালিকদের সর্তক হওয়ার অনুরোধ করেন।
এ ব্যাপারে ষ্টার বরফ মিল মালিকের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।