প্রতিনিধি আবু কাউসার :- পরশুরাম সরকারি কলেজে আজ ঐতিহাসিক ৭ মার্চ উদযাপণ উপলক্ষে কলেজের বিজ্ঞান ভবনের ৩য় তলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কর্ণার উদ্বোধন এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরশুরাম সরকারি কলেজ মিলনায়তনে সকল বিভাগের সম্মানিত শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে সকাল ১১.৩০ মিনিটে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানের শুরুতেই অধ্যক্ষ মহোদয় শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
জহিরুল ইসলামের উপস্থাপনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পরশুরাম সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব আহাম্মদ হোসেন।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরশুরাম সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবু কাওছার মোহাম্মদ হারেছ স্যার এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব, প্রেক্ষাপট এবং তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দর্শন বিভাগের প্রভাষক মো. আহসানুর হক সৈকত তালুকদার ।
ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার ১৯৪৭ সালে ভারত বিভক্তি এবং পাকিস্তান নামক রাষ্ট সৃষ্টি পরবর্তী সংকট এবং ঐতিহাসিক ঘটনার আলোকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বিভিন্ন দিক ও তাৎপর্য আলোচনায় তুলে ধরেন।
অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষনা, সংগ্রামী জীবনদর্শন, আদর্শ ও কর্মের তাৎপর্য শিক্ষার্থীদের মধ্যে সুচারুভাবে বিশ্লেষন ও উপস্থাপন করে সকলকে অনুপ্রাণিত করেন।
সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ আহাম্মদ হোসেন বঙ্গবন্ধুকে পরিপূর্ণভাবে জানা এবং বুঝার জন্য বঙ্গবন্ধুর ভাষণ ও জীবনী গ্রন্থ পাঠে আগ্রহী হওয়ার জন্য উপস্থিত সকলকে আহবান জানান। এই সময় আরো বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি আশিষ চক্রবর্ত্তী ও পৌর ছাত্রলীগ নেতা নূর হোসেন ফাহিম।