বুলবুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার: সংসদীয় আসন ৬৮ পাবনা ১ (বেড়া-সাঁথিয়া) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উক্ত আসনের স্থানীয়রা। মহাসড়ক অবোধ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।
রবিবার (০৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেড়া উপজেলার সিএন্ডবি বাস টার্মিনাল এলাকায় এই অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের তৈরি হয়। এতে দুর্ভোগে পড়ে হাজারো যাত্রী ও পণ্যবাহী ট্রাক।
জানা যায় নির্বাচন কমিশনের (ইসির) গেজেট অনুসারে ৬৮ পাবনা ১ আসনের পূর্বের বেড়া উপজেলা কে বাদ দিয়ে ৬৯ পাবনা ২ ( সুজানগর-বেড়া) অন্তর্ভুক্ত করায় এ বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবোধ করা
হয়।
বেড়া পৌর বিএনপি'র সভাপতি ফজলুর রহমান ফকিরের নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম দিপু, সেক্রেটারি সালাউদ্দিন ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজার পরিচালনায় বিএনপির উদ্যোগে মানববন্ধন ও অবরোধে সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন। এ সময় বেড়া-সাঁথিয়া আসনটি পূর্নবহালের দাবিতে মহাসড়ক অবোধ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে নানা শ্লোগান দিতে দেখা যায়।
সরেজমিনে অবরোধকারীরা বলেন সম্পূর্ণ অন্যায়ভাবে ৬৮ পাবনা-১ আসনকে ভাগ করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত। তারা স্লোগান দেন সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই। পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়, জনগণের কন্ঠস্বর দমিয়ে রাখা যাবে না। গণদাবি অমান্য হলে গণআন্দোলন করা হবে। নির্বাচন কমিশনের অবৈধ গেজেট মানি না মানবো না।
স্থানীয় প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে মহাসড়কে যাত্রীসাধারণ ভোগান্তির কথা বিবেচনা করে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে বেড়া মডেল থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান , লোকজন সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে ও আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। মহাসড়কে অবরোধ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে ।