
মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপী তাফসীর মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা ধর্মপ্রাণ মুসল্লীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) প্রথম দিনে অনুষ্ঠিত হয় তাফসীর মাহফিল। এতে দেশবরেণ্য আলেম ও ওলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তাফসীর মাহফিলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক সর্বস্তরের শ্রোতা-দর্শকের সমাগম হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দ্বিতীয় ও শেষ দিনে পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজন করা হয় স্পন্দন শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ২২তম বর্ষের ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা।সন্ধ্যার পর থেকে ধর্মীয় গান, নাশিদ, হামদ-নাত ও মননশীল পরিবেশনায় সাজানো এই আয়োজন দর্শকদের ভিন্ন এক ধর্মীয় আবহে নিয়ে যায়।ব্যতিক্রমী আয়োজন ইসলামি সংস্কৃতি উপস্থিত দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়।
পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী-সভাপতি, পূবাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি মো.আখতার হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন – কোরআন ভিত্তিক সংস্কৃতিই পারে আধুনিক অপসংস্কৃতিকে রুখে দিতে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে, আধুনিক রাষ্ট্র গড়তে, মুসলিমে হিসাবে নিজেদের কৃষ্টি-সংস্কৃতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে দেশ থেকে বেহায়াপনা হাবিজাবি অপসংস্কৃতি বন্ধ হবে।
মিরপুর থেকে আগত দর্শক আবদুল জাব্বার মন্ডল আয়োজকদের প্রশংসা করে বলেন, হামদ-নাত ও মননশীল পরিবেশনায় সাজানো এই আয়োজনে আমি মুগ্ধ হয়েছি।এমন আয়োজন সারা বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে অ্যাডভোকেট শামীম মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সবুজ আল মামুন, খলিলুর রহমান, মুস্তাফিজুর রহমান মিনারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, দীর্ঘ ২২ বছর ধরে নিয়মিতভাবে আয়োজিত এই তাফসীরুল কুরআন মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় ও ইসলামিক সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবারের দুইদিনব্যাপী আয়োজনও এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।সঞ্চালনায় ছিলেন ডা. করিম মিয়া।
উল্লেখ্য, অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে গাজীপুর সিটি ও পূবাইল প্রেসক্লাব।