সাইদ গাজী , সালথা (ফরিদপুর):
ফরিদপুরের সালথা উপজেলার সদর বাজার (সালথা বাজার) সার ও কীটনাশক ব্যবসায়ীদের অনিয়ম, বিশেষ করে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৭শে নভেম্বর বিকেল আনুমানিক চারটার দিকে এ অভিযান শুরু হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন সরকার। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার এবং সালথা থানা পুলিশের অফিসার তরিকুল ইসলাম সহ পুলিশের একটি টিম।
গোপন সূত্রে সার ও কীটনাশক ব্যবসায়ীদের বিরুদ্ধে অতিরিক্ত দাম নেওয়া ও অনিয়মের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত বাজারের তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। প্রতিষ্ঠানগুলো হলো—
মেসার্স হেমায়েত ট্রেডার্স (প্রোঃ টুনা মোল্লা)
মেসার্স খান ট্রেডার্স (প্রোঃ মোহাম্মদ মোমরেজ খান)
মেসার্স আইয়ুব ঠাকুর ট্রেডার্স
(প্রোঃ আইয়ুব ঠাকুর)
অভিযানকালে অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন সরকার জানান,
“এদেরকে শেষবারের মতো সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম ধরা পড়লে ট্রেড লাইসেন্স জব্দসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানকালীন বাজার এলাকায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।