মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুরকে মাদক ও চাঁদাবাজমুক্ত করতে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-২ আসনের মহানগরের ২৮ নম্বর ওয়ার্ডের জয়দেবপুর পূর্ব বরুদা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদলের উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফজাল হোসেন কায়সার অভিযোগ করে বলেন, সাম্প্রতিক পটপরিবর্তনের সুযোগে কিছু চাঁদাবাজ বিএনপিতে অনুপ্রবেশ করেছে, যা অত্যন্ত দুঃখজনক। দলের সুনাম ও অর্জন ধরে রাখতে এসব অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
সভায় প্রধান আলোচক জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, ধর্মীয় অনুশাসন পালনের মাধ্যমেই জান্নাতের আশা করা যায়, ভোটের সঙ্গে ধর্মকে জড়ানো উচিত নয়। তিনি ধানের শীষে ভোট দিয়ে এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার আহ্বান জানান।
মো. রফিজ উদ্দিন রফিকের সভাপতিত্বে ও মো. শাজাহানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও কালিয়াকৈর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. লাবিব উদ্দিন সিদ্দিকী, মহানগর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মো. শামীম সিদ্দিক, সহ-সভাপতি মো. হুমায়ুন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।