মাসুদ হোসেন খান : মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান খান ও বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামাল মাদবর ( ৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা সহ প্রায় ১০ জন আহত হয়েছে।
এসময় কয়েক ডজন বোমা বিস্ফোরণসহ বেশ কিছু বাড়ি ঘর ভাংচুর চালানো হয়। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে।
নিহত কামাল মাদবর (৫০) গাছবাড়িয়া গ্রামের সলেমান মাদবরের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান লাভলু তালুকদার ও সাবেক চেয়ারম্যান মজিবর খানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এসময় বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের সমর্থক কামাল মাদবরকে এলোপাথারি ভাবে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত কামালকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষ চলাকালে কয়েক ডজন বোমা বিস্ফোরণসহ বেশ কিছু ঘরবাড়ি ভাংচুর চালানো হয়। মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী সকালের সময়কে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে এসময় কয়েক ডজন দেশীয় তৈরী ঢাল ও টেটা বর্শা ও বল্লম উদ্ধার করে সদর থানা পুলিশ। এই ঘটনায় নিহত কামাল মাদবরের পরিবার থেকে মামলা দিলেই আমরা মামলা গ্রহণ করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।