
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসা উপজেলার দেবীপুর এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের ৯-টি অবৈধ চুল্লি ধ্বংস করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ ১৬-ই ফেব্রুয়ারি (সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ অভিযানে এসব চুল্লি ভেঙে দেওয়া হয়। আঠারোবেকী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা চুল্লিগুলো ভাংতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এব্যাপারে তিনি জানান কিছু অসাধু ব্যবসায়ী প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী গাছ ধ্বংস করে এইসব অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। এতে পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্রের ওপর বড় ধরনের ক্ষতি হচ্ছিল, চুল্লিগুলো লোকালয়ে হওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের মারাত্মকভাবে ঝুঁকি ছিল। যে কারণে এ সকল অবৈধ চুলিগুলো আমরা একেবারেই বন্ধ করে দিয়েছি। তিনি আরো জানান রূপসার প্রত্যন্ত অঞ্চলে নৈহাটি ইউনিয়ন, শ্রীফলতলা ইউনিয়ন, টিএসবি ইউনিয়ন, এবং ঘাটভোগ ইউনিয়নের লোকালয়ের মধ্যে অসংখ্য অবৈধ চুল্লি গড়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।