লালমনিরহাট প্রতিনিধিঃ
মোঃ রব্বানী ইসলাম
লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে প্রায় ১১ লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে উপস্থিত হন।
ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মাঠে সক্রিয় দায়িত্ব পালন করেন।
বিশেষ করে সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়। এসব এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন। চরাঞ্চল ও দুর্গম এলাকাতেও বিজিবির উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা তৈরি করেছে বলে স্থানীয়রা জানান।
বিজিবি জানায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আগেই বিশেষ নজরদারি তালিকা প্রস্তুত করা হয়েছিল এবং সেসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন ছিল। বিজিবি সদস্যরা কেন্দ্রের আশপাশে টহল, চেকপোস্ট ও দ্রুত প্রতিক্রিয়া টিম প্রস্তুত রেখে দায়িত্ব পালন করেন।
জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
স্থানীয় ভোটারদের ভাষ্য, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় তারা স্বস্তিতে ভোট দিতে পেরেছেন। প্রশাসন বলছে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই কঠোর।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করছে এবং ভোট পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।