লালমনিরহাট প্রতিনিধি:
মোঃ রব্বানী ইসলাম
“একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে একটি ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে লালমনিরহাট–৩ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে সুজন—সুশাসনের জন্য নাগরিক, লালমনিরহাট জেলা কমিটি। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে প্রার্থীদের কাছে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সুশাসন ও স্বচ্ছতা নিয়ে সরাসরি প্রশ্ন করেন। প্রার্থীরাও জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাঁদের নির্বাচনী অঙ্গীকার ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
আয়োজকরা জানান, এই ধরনের উন্মুক্ত মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হয়। স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, নাগরিকদের সচেতন অংশগ্রহণই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শেষ হয়।
লালমনিরহাট প্রতিনিধি/ মো: রব্বানী ইসলাম তারিখ :৩১-০১-২০২৬_