
লালমনিরহাট, প্রতিনিধি:
মোঃ রব্বানী ইসলাম
লালমনিরহাটে দশম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় র্যাব-১৩-এর অভিযানে ভিকটিমকে উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিবাহের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ফাঁদে ফেলে অপহরণ করে একটি চক্র। গত ৩০ জানুয়ারি সকাল ১১টার দিকে আদিতমারী উপজেলার সারপুকুর সরকারি স্কুল সংলগ্ন এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
ঘটনার পর ভিকটিমের পিতা বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) অনুযায়ী একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং- ০২/১৯)।
মামলার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকলেও র্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রধান আসামি মো. বকুল মিয়া (৩৫)-কে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বাড়ি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ (আলুটারী) এলাকায়। তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছিলেন বলে জানা গেছে।
র্যাব জানায়, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।
লালমনিরহাট প্রতিনিধি/ মো: রব্বানী ইসলাম
তারিখ; ১৭-০২-২০২৬_