
আমিনুল হক বাবু,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শাহজাদপুরে বসতবাড়ি থেকে সেতু খাতুন নামের ১৩ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
কিশোরী সেতু চিনাধুকুরিয়া গ্রামের রেজাউল ও নাসিমা দম্পত্তির মেয়ে, সে পৌর শহরের পারকোলা দাখিলি মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী, তার বাবা মা ঢাকায় গার্মেন্টসে চাকুরির করায় সে পারকোলা উত্তরপাড়ায় তার নানীর বাড়িতে থাকতো।
জানা যায়, বুধবার (২ আগষ্ট) দুপুরে পৌর শহরের পারকোলা উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। প্রতিবেশী এক নারী গোসল করা উদ্দেশ্যে সেতুকে ডাকার জন্য তার বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে ডাকাডাকি করেও কোন সারাশব্দ না পেয়ে ঘরে উকি দিয়ে দেখতে পান যে সেতুর দেহ ঘরের আড়ার সাথে ঝুলছে।
পরে তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আড়ার সাথে গলায় ওড়না পেচানো সেতুর দেহ নামায়। এসময় কিশোরী সেতুর দেহ নিষ্প্রাণ ছিল। পরে প্রতিবেশীরা অনেক খোঁজ করেও তার নানীর সন্ধান না পেয়ে শাহজাদপুর থানায় খবর দেয়।
পরে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর থানার পরিদর্শক তদন্ত মো. সাজ্জাদুর রহমান।
এই ঘটনায় প্রতিবেশীরা জানান, সেতুর নানী নবীয়া খাতুন (৬৫) শাক বিক্রি করেন। এসময় সে বাড়িতে একাই ছিল, তার বাবা মা ও ছোটভাই ঢাকায় থাকেন, তাদের খবর দেয়া হয়েছে।
শাহজাদপুর থানার পরিদর্শক তদন্ত সাজ্জাদুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনার সময় কিশোরী সেতু খাতুন বাড়িতে একাই ছিল, তার পরিবারের পক্ষ থেকেও কোন তথ্য পাওয়া যায়নি।
লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, বৃহস্পতিবার সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।