মোঃ তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ১ নং ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন উপজেলা যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ।
ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে চলেছেন।
২০০১ সালে ময়দানহাট্টা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। দায়িত্ব পালনে দক্ষতা ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখে অল্প সময়েই তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেন। পরবর্তীতে ২০০৫ সালে উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়ে তিনি সাংগঠনিক পরিসরে আরও শক্ত অবস্থান তৈরি করেন।
দলের দুঃসময়ে হামলা-মামলা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে তিনি সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। মাঠপর্যায়ে সংগঠনকে সক্রিয় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তিনি একজন সাহসী, মানবিক ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক কর্মকাণ্ডে তার নিয়মিত অংশগ্রহণ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকার কারণে ইতোমধ্যে তিনি ময়দানহাট্টা ইউনিয়নের মানুষের মনে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে তরুণ সমাজের কাছে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের মাঝেও তার ভদ্রতা ও আচরণ প্রশংসা কুড়িয়েছে।
নিয়ামতপুর গ্রামের বাসিন্দা জিন্নাহ বলেন,
“রাসেল মাহমুদ সবুজ সব সময় মানুষের পাশে থাকেন।তাঁকে আমরা আগামী দিনে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”
এ বিষয়ে রাসেল মাহমুদ সবুজ বলেন,আমি রাজনীতি করি মানুষের জন্য। ছোটবেলা থেকেই ময়দানহাট্টার মানুষের সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে আছি। সব সময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে। যদি এলাকার মানুষ আমাকে যোগ্য মনে করে এবং দায়িত্ব দেয়, তাহলে ইনশাআল্লাহ ময়দানহাট্টা ইউনিয়নকে একটি সুশাসনভিত্তিক, উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ, কৃষক ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।