শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জাভেদ মাহমুদ জুয়েল।
মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকায় আগুনে সিঁদুরের কারখানাসহ ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ১২টার দিকে সিদুর ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক রবি মন্ডল জানান, চারটি কক্ষ তৈরি করে তা কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। গতরাতে কারখানায় আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
রাত ১২টায় হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার তপন কুমার ঘোষ সাংবাদিকদের জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।