সিনিয়র স্টাফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে বরকত উল্লাহ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের ইউনুস মিয়ার ছেলে লোকমান মিয়া (৩২), আব্দুল হান্নান মিয়ার ছেলে আমজাদ (১৮) এবং জিলুকদার পাড়ার মজিবুর রহমান ছেলে শরীফ মিয়া (১৬)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে নির্মাণ শ্রমিক লোকমান তার দুই সহযোগী আমজাদ ও সাদ্দামকে নিয়ে তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন। রডের পিলার দাঁড়া করানোর সময় উপরে থাকা হাইবোল্টেজের বিদ্যুতের তারে রড লেগে যায়। এ সময় বিদ্যুতের তার রডে জড়িয়ে গেলে তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।