সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সহিদুল ইসলাম সোহেল নামের সাবেক এক সেনা সদস্যের ওপর হামলার অভিযোগে মাদক কারবারি মো. নুরু বিশ্বাস (৩৫) কে আটক করেছে সালথা থানা পুলিশ।
ঘটনার সময়কার সিসিটিভির ফুটেজে নুরুকে ওই হামলার নেতৃত্ব দিতে দেখা যায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার নুরু উপজেলা সদরের ভাওয়াল পশ্চিমপাড়া এলাকার আলী বিশ্বাসের পুত্র।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. মাহমুদুল হাসান বলেন, হামলার ঘটনার পর থেকে আসামীদের ধরতে পুলিশের একাধিক টিক মাঠে নেমে কাজ শুরু করে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হামলার মূলহোতা নুরুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারে জননী সুপার মার্কেটের দোতলায় একটি ডায়গনস্টিক সেন্টারের অফিস কক্ষে ঢুকে সাবেক সেনা সদস্য সহিদুলইসলাম সোহেলের ওপর হামলা চালায় মাদক কারবারি নুরু বিশ্বাস ও তার সহযোগী শামীম বিশ্বাসএবং সোহেল মাতুব্বর। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| এ ঘটনায় সহিদুল ইসলাম সোহেলের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন।