মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
সভায় পুলিশ কমিশনার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অপপ্রচার বা সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।
কমিশনার উপস্থিত প্রতিনিধিদের মতামত, পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন ও নির্বাচনকালীন নিরাপত্তা, সমন্বয় এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় কার্যকর প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, সকল সংস্থার পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, সিভিল সার্জন, জেলা নির্বাচন অফিসার, র্যাব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি-১ গাজীপুরের প্রতিনিধিবৃন্দসহ জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।
সভায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।