স্টাফ রিপোর্টার
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’—এ স্লোগানকে ধারণ করে নড়াইলে অনুষ্ঠিত হলো জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীর মিলনমেলা। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো’র পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর আয়োজনে গতকাল জেলার তিনটি উপজেলার কৃতী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা মিলিত হন এক বর্ণিল উৎসবে।
শুরু থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বেস্ট কমিউনিটি সেন্টারের প্রাঙ্গণ। সকাল ৯টা বাজতেই ভিড় জমতে থাকে অনুষ্ঠানস্থলে। নির্দিষ্ট বুথ থেকে শিক্ষার্থীরা ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। এ সময় তাঁদের সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
সকাল ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এর আগে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বক্তব্য পাঠ করেন নড়াইল প্রতিনিধি মো. রাজু শেখ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো নড়াইল বন্ধুসভার উপদেষ্টা মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, চারু কুঠিরের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী ডি ডি মল্লিক, বল্লারটোপ আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সামিরা খানম এবং চলচ্চিত্র নির্মাতা সামছুল ইসলাম স্বপন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেয় কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নাচ-গান, গল্প-আড্ডা ও নানা সাংস্কৃতিক পরিবেশনায়। বক্তব্যের ফাঁকে ফাঁকে তারা নেয় মিথ্যা, মুখস্থ বিদ্যা ও মাদকের বিরুদ্ধে শপথ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অনলাইন কুইজ প্রতিযোগিতা। সকালে শুরু হওয়া প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে অতিথিরা পুরস্কার হিসেবে বই তুলে দেন।
আয়োজনটি পাওয়ার্ড বাই কনকা-গ্রি। সহযোগিতায় ছিল—কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আকিজ টেলিকম লিমিটেড, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।