উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার মাটিয়াল আদর্শ বাজার এলাকার বাসিন্দা আঁখি আক্তার গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আঁখির চিকিৎসার জন্য জরুরি ওপেন হার্ট সার্জারি প্রয়োজন। চিকিৎসকদের মতে, এ অস্ত্রোপচারের জন্য আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা ব্যয় হবে।
পরিবার সূত্রে জানা যায়, ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসায় প্রায় এক লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু পরবর্তী জটিল অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দিনমজুর বাবা রাজু মিয়ার পক্ষে এত বড় অঙ্কের টাকা সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
দিনমজুর বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কোনোভাবেই সম্ভব নয়। এ বিষয়ে আঁখি আক্তারের মা আমেনা বেগম বলেন, “আমার মেয়ের চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন, যা আমাদের মতো গরিব পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। সরকার বা সমাজের বিত্তবান মানুষজন এগিয়ে না এলে আমার মেয়ের জীবন এবং তার ১০ মাসের শিশুটির ভবিষ্যৎ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।”
অভিযোগ রয়েছে, আঁখি আক্তারের স্বামী সুজন মিয়া চিকিৎসার দায়িত্ব নিতে অনাগ্রহী। ফলে বর্তমানে অসুস্থ আঁখি তার বাবা-মায়ের কাছেই অবস্থান করছেন এবং সেখান থেকেই চিকিৎসা চালানো হচ্ছে।
এদিকে আঁখির রয়েছে মাত্র ১০ মাস বয়সী একটি ছেলে সন্তান। মায়ের গুরুতর অসুস্থতায় শিশুটির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয়দের মতে, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা গেলে আঁখির জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। এ অবস্থায় সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতা পেলে তার চিকিৎসা সম্ভব বলে আশা করছেন পরিবার ও এলাকাবাসী।