মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ী-হায়দরাবাদ সড়কের প্রবেশমুখে ১৯৯২ সালে নির্মিত একটি সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর মাঝখানে বড় গর্ত সৃষ্টি হওয়ায় আকবপুরসহ আশপাশের অন্তত তিনটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩৩ বছর আগে নির্মিত সেতুটির মাঝামাঝি অংশের কাঠামো ভেঙে গত দুই বছর ধরে বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যে ক্ষতিগ্রস্ত অংশে সিমেন্টের প্রলেপ দিয়ে অস্থায়ী সংস্কার করা হলেও তা কয়েক দিনের বেশি টেকেনি। গত পাঁচ মাসে সেতুটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, ভাঙা অংশ দিয়ে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহনগুলো অত্যন্ত ধীরগতিতে ঝুঁকি নিয়ে পারাপার করছে। স্থানীয়দের অভিযোগ, গর্তে চাকা পড়ে প্রায়ই যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটছে এবং যাত্রীরা আহত হচ্ছেন। অটোরিকশা চালক শিমুল বলেন, “প্রতিদিন জীবিকার তাগিদে এই সেতু পার হতে হয়। কিন্তু গর্তে চাকা পড়ে গাড়ি উল্টে যাওয়ার শঙ্কা সবসময় থাকে। একই ধরনের উদ্বেগ জানান আরেক চালক শরীফ মিয়াও। এলাকাবাসী জানান, আকবপুর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও স্থায়ী সংস্কার বা নতুন সেতু নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এতে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। এ বিষয়ে মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী বলেন, “সেতুটির নাজুক অবস্থার বিষয়টি আমাদের জানা আছে। মেরামতের জন্য একটি বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে। তবে এলাকাবাসীর দাবি, অস্থায়ী সংস্কার নয়, সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে দ্রুত পুরোনো সেতু অপসারণ করে নতুন টেকসই সেতু নির্মাণ করতে হবে।
তারিখ ০২-০৪-২০২৬