সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
রবিবার (৭ জুন) সকালে উপজেলা মসজিদুল হুদা সংলগ্ন এলাকায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন নারী সংগঠন, পরিবেশকর্মী, সাংবাদিক ও সচেতন নাগরিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা রোধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)-এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, তথ্য আপা মনিরা খাতুন, ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, মৃত্যুঞ্জয় ও রশিদা বেগম লতাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
কর্মসূচির আয়োজন করে নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)।