মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
ঢাকার উত্তরায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় ৫জনকে আটকসহ গাজীপুর মহানগর ও উত্তরার পৃথক অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ১০ লাখ ৫৪ হাজার ৪০৫ টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের শাহ মাখদুম রোডের ‘ক্রাশ স্টেশন’ রেস্টুরেন্টে অভিযান চালায়।
এ সময় সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠকে অংশ নিচ্ছিলেন বলে দাবি পুলিশের।
অভিযানে কামরুজ্জামান খান (৫১), তবিবুর রহমান তুহিন (৩৮), হুমায়ুন কবির খান (৪৮), আশরাফুল আলম ওরফে আশরাফ মৃধা (৫৭) ও সাদমান সাকিব খানকে (২৬) আটক করা হয়। তাদের সবার বাড়ি গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায়। একই সময়ে গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আরও ৭জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া অর্থ গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বিলি-বণ্টনের জন্য জড়ো করা হয়েছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
জিএমপি জানিয়েছে, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।