বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ওয়ালটের উদ্যোগে আর্থিক সুবিধা হস্তান্তর  রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  গাজীপুরে চোরাই মোটরসাইকেলের মূল হোতা গ্রেপ্তার ;৩৩ মোটরসাইকেল উদ্ধার গাজীপুরে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠন সভাপতি ডা. লোকমান, সাধারণ সম্পাদক কাজী মকবুল  জ্যেষ্ঠতার বিতর্ক ছাপিয়ে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের আস্থায় এনবিআরের নেতৃত্বে আহসান হাবীব লালমনিরহাটে কলেজে ভর্তির উদ্দেশ্যে বেরিয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ উলিপুরে ৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  সালথার মাঝারদিয়ায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত সালথায় নছিমন ও ইজিবাইকের সংঘর্ষে যুবক নিহত মির্জাগঞ্জে ভূমিদস্যুদের হামলায় সংবাদকর্মী ও ব্যবসায়ী গুরুতর জখম: প্রধান আসামি কুদ্দুস মোল্লা জেলহাজতে

জ্যেষ্ঠতার বিতর্ক ছাপিয়ে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের আস্থায় এনবিআরের নেতৃত্বে আহসান হাবীব

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

 

এম এইচ মুন্না:

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আহসান হাবীবের নিয়োগকে ঘিরে শুরুতে কিছু আলোচনা-সমালোচনা দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক মহলে তার দীর্ঘ কর্মজীবন, পেশাগত দক্ষতা, সুশৃঙ্খল নেতৃত্ব এবং ব্যক্তিগত সততাকে সামনে এনে ইতিবাচক মূল্যায়ন জোরালো হতে শুরু করেছে।

 

কর প্রশাসনে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা এর আগে এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে কর ফাঁকি প্রতিরোধ, গোয়েন্দা কার্যক্রম এবং প্রশাসনিক সংস্কারে তার সম্পৃক্ততার কথা সরকারি তথ্যসূত্রেও উল্লেখ রয়েছে।

 

এনবিআরের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানটি বর্তমানে এমন একজন নেতৃত্বের প্রয়োজন অনুভব করছিল, যিনি প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তবতা, কর ব্যবস্থাপনা এবং মানবসম্পদ পরিচালনা সম্পর্কে সম্যক ধারণা রাখেন। তাদের ভাষ্য, আহসান হাবীব সেই অভিজ্ঞতা ও সক্ষমতার সমন্বয় ঘটাতে পারেন বলেই অনেক কর্মকর্তা আশাবাদী।

 

একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে অত্যন্ত বিনয়ী, সহজপ্রাপ্য এবং সিদ্ধান্ত গ্রহণে পেশাদার মনোভাবের পরিচয় দেন। ব্যক্তিগত আচরণেও তিনি সহকর্মীদের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখেন।”

 

তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার অভিজ্ঞতা রয়েছে, এমন কয়েকজনও জানান, আহসান হাবীব অত্যন্ত সংযত ও বিনয়ী স্বভাবের কর্মকর্তা। অপ্রয়োজনীয় প্রচার থেকে দূরে থেকে দায়িত্বকেই অগ্রাধিকার দেওয়ার প্রবণতা তার ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য।

 

এনবিআরের অভ্যন্তরীণ একাধিক সূত্রের দাবি, কর প্রশাসনের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা, রাজস্ব আহরণ বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি শক্তিশালী করতে একজন দক্ষ, অভিজ্ঞ ও সৎ নেতৃত্বের প্রয়োজন ছিল। তাদের মতে, আহসান হাবীবের নিয়োগ সেই প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

 

সরকারি তথ্য অনুযায়ী, ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। কর্মজীবনে তিনি কর প্রশাসন, গোয়েন্দা কার্যক্রম, তদন্ত এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 

অর্থনীতিবিদদের একাংশের মতে, এনবিআরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্বের প্রকৃত মূল্যায়ন হবে রাজস্ব আহরণে গতি আনা, করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি, সুশাসন নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে। তারা মনে করেন, বিতর্ক নয়—কর্মদক্ষতা, স্বচ্ছতা ও বাস্তব ফলাফলই শেষ পর্যন্ত একজন চেয়ারম্যানের সফলতার প্রধান মানদণ্ড হয়ে উঠবে।

 

দায়িত্ব গ্রহণের পর আহসান হাবীবও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন, কর প্রশাসনকে আরও কার্যকর করা এবং প্রতিষ্ঠানকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

 

এনবিআর চেয়ারম্যান আহসান হাবীব বলেন, “জাতীয় রাজস্ব বোর্ড শুধু একটি রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান নয়, এটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম ভিত্তি। আমার প্রথম অগ্রাধিকার হবে কর প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব আরও শক্তিশালী করা। করদাতাদের জন্য একটি সহজ, আধুনিক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”

 

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল চালিকাশক্তি হচ্ছে রাজস্ব। তাই রাজস্ব আহরণ বৃদ্ধি করার পাশাপাশি করদাতাদের আস্থা অর্জন এবং প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জনবান্ধব এনবিআর গড়ে তোলাই আমার লক্ষ্য। কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশাসনভিত্তিক, আধুনিক এবং কার্যকর রাজস্ব প্রশাসন প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews