
মোঃ আনিসুর রহমান শেলী :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের আটাবাড়ী কেন্দ্রীয় ইদগাহ মাঠে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পর তিনি কালিহাতী থানায় একটি লিখিত আবেদন দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে আটাবাড়ী কেন্দ্রীয় ইদগাহ মাঠে সমাজবাসীর উদ্যোগে দোকানঘর নির্মাণের কাজ চলছিল। এ সময় পাশ্ববর্তী জমির মালিক ও স্থানীয় ব্যবসায়ী আব্দুস সাত্তার মণ্ডল সেখানে এসে নির্মাণকাজে বাধা দেন এবং মো. আলমগীর হোসেনকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আটাবাড়ী গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার মণ্ডল দীর্ঘদিন ধরে ইদগাহ মাঠের কিছু জায়গা ভোগদখল করে আসছিলেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে ইদগাহ মাঠের দেখভাল ও ব্যবস্থাপনার দায়িত্ব একটি কমিটির কাছে হস্তান্তর করা হয় এবং মো. আলমগীর হোসেনকে কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, নির্মাণকাজ চলাকালে আব্দুস সাত্তার মণ্ডল আলমগীর হোসেনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এমনকি সুযোগ পেলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও কমিটির সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন মো. আলমগীর হোসেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সাত্তার মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি।
কালিহাতী থানার অফিসার ইনজার্জ কাইয়ুম খাঁন সিদ্দিকী জানান অভিযোগ এখনও হাতে পাইনি পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করবে