
মোঃ তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক রাইস মিল মালিককে হাত-পা ও মুখ বেঁধে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার কিচক ইউনিয়নের ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর দুর্বৃত্তরা মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে পালিয়ে যায়।
নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ আলী (৭০)। তিনি ফেনিগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছির উদ্দিনের ছেলে এবং স্থানীয় একজন প্রতিষ্ঠিত রাইস মিল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার রাতেও মোহাম্মদ আলী নিজের রাইস মিলটি পাহারা দেওয়ার জন্য মিল চত্বরে অবস্থান করছিলেন। রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত মিলে প্রবেশ করে তাকে আকস্মিক জিম্মি করে। এসময় দুর্বৃত্তরা তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং মাথায় শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা মিলের তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে চম্পট দেয়।
সোমবার সকালে স্থানীয়রা মিলের ভেতরে মোহাম্মদ আলীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, “নিহতের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা পূর্বশত্রুতা আছে কি না, তা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে থানায় একটি হত্যা ও চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।