মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি ও একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক চৌকস কর্মকর্তার সমন্বয়ে গঠিত অভিযানে এ সাফল্য আসে।
বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি ও একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন TVS Apache 4V 160 সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন তানজিম আহমেদ সোহেল (৩০) ও মো. বাবু (৩০)। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।