
তহিদুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে গবাদি পশুর প্রাণঘাতী রোগ ‘লাম্পি স্কিন ডিজিজ’ (LSD) প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ক্যাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। বুধবার শিবগঞ্জ পৌর এলাকার নাটমরিচাই গ্রামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে এই বিশেষ ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম এবং উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলার রহমান জয়, আবু শাহিন এবং স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পিং কার্যক্রম সম্পর্কে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান চৌধুরী জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির বিশেষ উদ্যোগে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিমন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট ২০টি পয়েন্টে গবাদি পশুকে বিনামূল্যে টিকা প্রদানের জন্য ৬ হাজার ডোজ ভ্যাকসিন বরাদ্দ পাওয়া গেছে। পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন স্থানে এই টিকাদান ক্যাম্পিং চলমান থাকবে।
লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এই টিকাদান কর্মসূচি স্থানীয় খামারি ও গবাদি পশুর মালিকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।